শ্রীলঙ্কায় রাজাপাকসে ব্রাদারদের বিরুদ্ধে মিলল মামলার অনুমতি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ২০:৩০
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ সাবেক মন্ত্রিসভা ও প্রশাসনের কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে দেশটির শীর্ষ আদালত।
শুক্রবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার মানবাধিকার সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টে শাসনতান্ত্রিক অব্যবস্থাপনা এবং তার ফলে সৃষ্ট ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়া রাজাপাকসেসহ রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি ও কর্মকর্তাকে দায়ী করে মামলার আবেদন করেছিল।
মামলায় আসামির তালিকায় গোতাবায়া রাজাপাকসে, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে এবং শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নরসহ সাবেক মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সরকারি প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ৩৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার সেই আবেদনের ওপর শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়া এসময় এজলাসে উপস্থিত ছিলেন। শুনানি শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশালকে মামলার অনুমতি দিয়ে তার কার্যক্রম শুরুর আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫জন বিচারপতির একটি বেঞ্চ।
রাজনৈতিক ও প্রশাসনিক অব্যবস্থাপনা, করোনা মহামারিজনিত সংকট সামাল দিতে চরম ব্যর্থতা এবং ভুল নেতৃত্বের মাধ্যমে দেশকে অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে মুখে ঠেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায় আসামিদের বিরুদ্ধে। সেই সঙ্গে বর্তমান এই সংকটের জন্য আসামিদের কাছে জবাবদিহিতাও তলব করা হয়েছে।
ইউডি/সুপ্ত

