সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দেবে না সরকার: পরিকল্পনামন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ২০:৫০
সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, কারণ আমরা জানি জনগণের আস্থা আমাদের ওপর আছে। যদি সত্য না হয় সেটা নির্বাচনে প্রমাণ হবে। সুতরাং সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই।
শুক্রবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি কেন সুষ্ঠু নির্বাচন আমরাও চাই, সবাই চায়। বাংলাদেশের পাবলিকও চায় সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সকল দলের, যে সকল দল আইনে বিশ্বাস করে, নির্বাচনেও বিশ্বাস করে। আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, যারা নির্বাচন করবে, তারা নির্বাচনের আইনের আওতায় করবে। সবাই আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।
এর আগে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির জাফরানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর উপজেলার হাছনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ বিশ্বম্ভপুর উপজেলার মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ শান্তিগঞ্জের ডিকেসি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
ইউডি/সুপ্ত

