ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে: টুকু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৪৫
সরকারকে ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তারা ভীত যে এই বুঝি ক্ষমতা গেল। আন্দোলনের শুরুতে আমাদের পাঁচজনকে গুলি করে হত্যা করল। আমাদের জীবনে দেখিনি আন্দোলনের শুরুতে পাঁচজনকে জীবন দিতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।
শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন।
জোট করে সবাইকে একসঙ্গে নেওয়া যায় না বলে উল্লেখ করে টুকু আরও বলেন, এখানে কিছু প্রতিবন্ধকতা থাকে। আমরা ২০১৮ সালে তা দেখেছি। অমুক আছে, তমুক নেই। সেটা উপলব্ধি করে তারেক রহমান বলেছেন, যুগপৎ আন্দোলন করবো। এই যুগপৎ আন্দোলনের মাধ্যমে যে প্রতিবন্ধকতা ছিল সেটা উঠে গেছে। এখন আমরা সবাইকে সাথে নিয়ে সেই রাজপথে আন্দোলন করবো। এবার জয় লাভ করবো।

টুকু আরও বলেন, আমার মনে হয় না যুগপৎ আন্দোলনের পথে কোনো বাধা রয়েছে। যার যার জায়গা থেকে আন্দোলন করবো আমরা। বিএনপি অলরেডি আন্দোলনে নেমে গেছে এবং আমরা আলোচনা চালাচ্ছি। অফিসিয়ালভাবে সবার সঙ্গে কথা বলছি।
যারা ধর্মীয় রাজনীতি করে তাদের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল উল্লেখ করে টুকু বলেন, এর অর্থ এই না যে, আওয়ামী লীগ সারাজীবন বিএনপি-জামায়াত বলবে। আমরা ওপেন করে দিয়েছি। যুগপৎ আন্দোলন করবো। যার যা শক্তি আছে তা নিয়ে মাঠে আসবো। এখানে প্রতিবন্ধকতার কোনো কারণ নাই। বরঞ্চ ওপেন করে দিয়ে আজকে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করেছি।
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।
ইউডি/সুপ্ত

