ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ২২:০০

বাংলাদেশকে ২১ রানে হারিয়ে দারুন জয় দিয়ে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। আগামীকাল ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে আসর শুরু করা পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিউজিল্যান্ডেরও। আর জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে সহজে জিতলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, এমন জয়ে আমরা খুশি। জয় দিয়ে শুরু করতে পেরেছি। রিজওয়ান ভালো ব্যাট করেছে। আমাদের পেসার ও স্পিনাররা ভালো করেছে। পরের ম্যাচ নিউজিল্যান্ডের সাথে। এ ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে আমাদের। কারন নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক বেশি শক্তিশালী দল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেললেও, শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ম্যাচ হারে তারা। এরপর ১৩টি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। এরমধ্যে ৯টি ম্যাচে জয় ও ৪টিতে হেরেছে তারা। গত জুলাইয়ে ইউরোপ সফরে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা সাত টি-টোয়েন্টি জিতেছে কিউইরা। এরপর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড। তাই গত দেড় মাসে কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড। তাই বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজই বড় প্রস্তুতির মঞ্চ নিউজিল্যান্ডের।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের ওপেনার মার্টিন গাপটিল বলেন, বিশ্বকাপের আগে এই সিরিজটি আমাদের জন্য প্রস্তুতির সবচেয়ে ভালো সুযোগ। আমরা এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই। পাকিস্তান ও বাংলাদেশ খুবই ভালো দল। তাই ভালো দলের সাথে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে আমাদের।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading