ধীরে ধীরে খাদ্যপণ্যের দাম সহনীয় মাত্রায় পৌঁছাচ্ছে: ফাও
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০০
গত ছয় মাসে বিশ্বজুড়ে চিনি, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য খানিকটা কমেছে, অন্যদিকে বেড়েছে ধান-গম-ভুট্টার মতো খাদ্যশস্যের দাম। তবে সার্বিক বিচারে ধীরে ধীরে খাদ্যপণ্যের দাম সহনীয় মাত্রায় পৌঁছাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) বৈশ্বিক খাদ্যপণ্য মূল্যসূচকের সেপ্টেম্বর মাসের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে এই তথ্য।
খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার বিশ্লেষণে ১৯৬২ সাল থেকে ব্যবহার করে আসছে ফাও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ মাসে সেই সূচক ঠেকেছিল রেকর্ড ১৫৯ দশমিক ৭ পয়েন্টে; এর অর্থ খাদ্যপণ্যের বাজারমূল্য দিন দিন অসহনীয় পর্যায়ের দিকে যাচ্ছে। ফাও’র পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, গত ৬০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দামের এই পরিমাণ উল্লম্ফণ ঘটেনি।
তার পরের মাস থেকেই অবশ্য ধীরে ধীরে কমতে থাকে দাম। ফাও’র বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যসূচকের অবস্থান অবস্থান ছিল ১৩৬ দশমিক ৩ পয়েন্টে। তার আগের মাস আগস্টে সূচকের অবস্থান ছিল ১৩৭ দশমিক ৯ পয়েন্টে। অর্থাৎ ধীরে ধীরে বিশ্বে কমে আসছে খাদ্যপণ্যের দাম।
সূচক বিশ্লেষণ করে আরও জানা গেছে, শতকরা হিসেবে গত ছয় মাসে বিশ্বে ভোজ্য তেলের দাম কমেছে ৬ দশমিক ৬ শতাংশ; আর চিনি, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য ১ শতাংশ হ্রাস পেয়েছে।
ইউডি/সুপ্ত

