সর্বোচ্চ আয়: মেসি-রোনালদোকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

সর্বোচ্চ আয়: মেসি-রোনালদোকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:২০

ফুটবলে যেন কোনো তালিকা তৈরি করা হলে সেখানে চোখ বন্ধ করে দুজনের নাম শীর্ষে চলে আসে। লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ৯ বছর পর কোনো এক তালিকার শীর্ষে এ দুজনের কেউই নেই। তারা দুজন আছেন যথাক্রমে দুই ও তিন নম্বরে।

চলতি বছর সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

সবশেষ ২০১৩ সালে মেসি-রোনালদোকে টপকে শীর্ষ ধনী হয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহাম। এতদিন পর এবার দুই তারকাকে পেছনে ফেললেন ফরাসি তারকা। চলতি মৌসুমে এমবাপ্পের আয় সর্বোচ্চ ১২৮ মিলিয়ন মার্কিন ডলার। ১২০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ঠিক ১০০ মিলিয়ন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান তৃতীয় স্থানে।

লিওনেল মেসি

৮৭ মিলিয়ন ও ৫৩ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে সেরা দশের চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে নেইমার ও মোহাম্মদ সালাহ। তালিকায় শীর্ষ স্থান যেমন চমক, তেমনি চমক আরেক তরুণ আর্লিং হলান্ডের সেরা দশে চলে আসা।

ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন আছেন ষষ্ঠ স্থানে। প্রথমবার সেরা দশে উঠে এসেছেন নরওয়ের এই তারকা। সিটির জার্সিতে চলতি মৌসুমে ইতোমধ্যে ১২ ম্যাচে ১৯ গোল করেছেন। তার আয়ের পরিমাণ ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি ৩৫ মিলিয়ন নিয়ে আছেন তালিকার সপ্তম স্থানে।

ক্রিস্টিয়ানো রোনালদো

ফোর্বসের ধনী ফুটবলারের তালিকায় সেরা দশে আছেন এইডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদের নম্বর সেভেন আছেন তালিকার আটে। আয় ৩১ মিলিয়ন মার্কিন ডলার। আন্দ্রেস ইনিয়েস্তা বুড়িয়ে গেলেও বুড়ো হাঁড়ের দাম দিচ্ছে জাপানি ক্লাব ভিসেল কোবে। ৩০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকায় ৯ নম্বরে।

সেরা দশের সর্বশেষ নামটি কেভিন ডে ব্রুইনের। চলতি মৌসুমে ২৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করে দশম স্থানে আছেন হলান্ডের ম্যানসিটি সতীর্থ। সেরা দশের এই তালিকায় এমবাপ্পে ও হলান্ডের বয়সই কেবল ৩০ এর নিচে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading