সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:৩৫

করোনার টিকা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইসিটি বিভাগ। সম্প্রতি এক শ্রেণির প্রতারক জনগণের সঙ্গে এটি নিয়ে প্রতারণা শুরু করেছে। বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, টিকার সনদ দিচ্ছে। এসব থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইসিটি বিভাগ। মঙ্গলবার (১১ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রতারকচক্র সাধারণ মানুষকে সুরক্ষা সিস্টেমের মাধ্যমে টিকার বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করে যাচ্ছে। কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্লাটফর্ম সুরক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি অধিদফতর) তৈরি করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতরকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

বিভিন্ন প্রতারকচক্র সুরক্ষা সিস্টেমের একাধিক ফিশিং ক্লোন সাইট তৈরি করে সনদ জালিয়াতির চেষ্টা করে, যা পরিলক্ষিত হলে আইসিটি অধিদফতর বিটিআরসিতে অভিযোগের মাধ্যমে ক্লোন সাইট বন্ধ করে। প্রকৃত সুরক্ষা সিস্টেমের ঠিকানা http://www.surokkha.gov.bd টিকা সনদের কিউআর কোড স্ক্যান করলে ওই ওয়েবসাইট ছাড়া অন্য কোনও ডোমেইনে গেলে সে সনদটি ভুয়া বা জাল।

প্রতারকচক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে নানারকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করার চেষ্টা করে যাচ্ছে। সাধারণ জনগণের প্রতি আইসিটি অধিদফতরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, প্রতারকচক্র থেকে অধিক সতর্ক হওয়ার জন্য। আইসিটি বিভাগের আহ্বান সরকারের গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রদানে সহায়তা করুন। অনিয়ম বা প্রতারণা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading