ঘুষের মামলা: সু চির ৩ বছরের কারাদণ্ড
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১২:৩০
ঘুষ নেওয়ার অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক জান্তা শাসিত দেশটির একটি আদালত। বুধবার (১২ অক্টোবর) আদালতের ওই রায় সম্পর্কে অবগত আছেন এমন এক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।
সামরিক শাসনবিরোধী ৭৭ বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে ঘুষ থেকে শুরু করে নির্বাচনী আইন লঙ্ঘনসহ অন্তত ১৮টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মোট সর্বোচ্চ সাজা প্রায় ১৯০ বছর পর্যন্ত হতে পারে। সু চি এসব অভিযোগকে অযৌক্তিক বলেছেন এবং তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন।
গতবছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে একের পর এক মামলা দেওয়া হয়।
এর আগে সামরিক জান্তার বিরুদ্ধে উসকানি দেওয়া, করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ, অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার এবং ঘুষ নেওয়াসহ কয়েকটি অভিযোগে কারাদণ্ড হয়েছে সু চির।
ইউডি/সুপ্ত

