ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকলে লাইসেন্স বাতিল করবে ডিএনসিসি
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৫০
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকলে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। তিনি আরও বলেন, ‘ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি— এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক বাণিজ্যিক ভবনে দেখা যায়, সিঁড়িতে দোকান বসিয়ে দেওয়া হয়। আমরা যেকোনও সময় পরিদর্শনে যাবো। কোনও ভবনের সিঁড়িতে প্রতিবন্ধকতা পেলে এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি পেলে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। মেয়র বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী, ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, গ্যাস ও বিদ্যুত বিভাগের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। উঁচু ভবনের ক্ষেত্রে এসবের সঙ্গে ফায়ার ডিটেক্টর, স্মোক ডিটেকটর, উচ্চগতির পানি স্প্রে সিস্টেম ও কার্বনডাই অক্সাইড নির্গমন সিস্টেম থাকাও বাধ্যতামূলক। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, রাজধানীসহ দেশের বিভিন্ন নগরীর বেশিরভাগ ভবন নির্মাণে এসব কোড ঠিকমতো মানা হয় না। যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে।
সাভারের রানা প্লাজা ধ্বসের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে ডিএনসিসি মেয়র বলেন, আমি বিজিএমই’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাস পরেই রানা প্লাজা ধ্বসের ঘটনা ঘটে। ঘটনার পরেই আমি দ্রুত সেখানে গিয়ে সরাসরি উদ্ধার কাজ শুরু করি। ছাত্রজীবনে বিএনসিসি আমাদের শিখিয়েছে— দুর্যোগের সময় ঘরে বসে থাকলে চলবে না। মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে। দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে হবে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে হবে।
ইউডি/সুপ্ত

