‘প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা, এসব বাজে কথা লিখবেন না’
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:২০
পূজা চেরিকে ঘিরে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও ধর্মান্তরিত হওয়ার গুঞ্জন। ইতোমধ্যে গুজব রটনাকারীদের কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবার মেয়ের এই বিষয়ে মুখ খুললেন তার মা ঝর্ণা রায়।
পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি। তিনি আরও বলেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?
পূজার মা বলেন, আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।
ইউডি/সুপ্ত

