বিসিসিআই: সৌরভ থাকছেন না, নেপথ্যে কী?

বিসিসিআই: সৌরভ থাকছেন না, নেপথ্যে কী?

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ২০:১৫

আগামী ১৮ অক্টোবর ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদসহ অন্যান্য পদের নির্বাচন। আলোচনার বিষয় হচ্ছে সবকিছু নিজের পক্ষে থাকলেও এ পদে থাকছেন না সৌরভ গাঙ্গুলী। তার জায়গায় আসছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য রজার বিনি। প্রতিদ্বন্দ্বী নেই দেখে রজার বিনির বোর্ড সভাপতি হওয়াও নিশ্চিত। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ক্রিকেট মহল ও গাঙ্গুলীর ভক্তরা মনে করছেন, সাবেক এ কাপ্তান রাজনীতির শিকার।

এ বিষয়ে গত মঙ্গলবার মুম্বাইয়ে বোর্ডের জরুরি বৈঠক হয়। এতে গাঙ্গুলীকে আর বোর্ডের সভাপতি পদে রাখা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে একটি পক্ষ বলছে, সৌরভ নিজেই বিসিসিআই সভাপতি পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রজার বিনিকে সেখানে বসানো হচ্ছে।

সৌরভের ভক্তদের ভাষ্য খেলার মাঠেও রাজনীতির শিকার হয়েছিলেন সৌরভ। ক্রীড়া প্রশাসকের পদে বসেও একই রকম রাজনীতির শিকার হলেন তিনি। দীর্ঘদিন ধরে তাকে সরানোর চেষ্টা চলছিল। সৌরভকে আইপিএল টুর্নামেন্টের চেয়ারম্যান পদের প্রস্তাবও দেয়া হয়েছিল বলে খবর পাওয়া গেছে, কিন্তু সৌরভ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

রজার বিনি

২০১৯ সালে গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন। তখন সৌরভের বিজেপিতে যোগ দেয়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। বিজেপিতে যোগ দেয়ার আগে সৌরভকে বিসিসিআই প্রেসিডেন্ট পদ উপহার দেয়া হয়েছে বলে রাজনীতির প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু ‘ভেবে দেখব’ বলে সৌরভ আর কোনো রাজনৈতিক দলে, এমনকি চর্চায় থাকা বিজেপিতে যোগ দেননি। বিজেপিতে যোগ দেননি বলেই বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেয়া হয়েছে বলে সোচ্চার তৃণমূল কংগ্রেস।

বিসিসিআই নিয়ে বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, সৌরভকে হঠাৎ করে অপসারণ করা অত্যন্ত অপমানজনক বলে আমি মনে করি। ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, সৌরভ একজন যথেষ্ট সম্মানিত ব্যক্তিত্ব। যদিও সৌরভ গাঙ্গুলী রাজনীতির শিকার হয়েছেন বলে মানতে নারাজ বিজেপি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading