দুদকের মামলা: চাঁদপুরের সেই সেলিম খান কারাগারে
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:৩০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আজ বুধবার (১২ অক্টোবর) তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন বিচারক। গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একইসঙ্গে তাকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে গত ১ আগস্ট এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
ইউডি/সুপ্ত

