১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ইন্ডিয়া: আইএমএফ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:১৫
ইন্ডিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দিয়েছিল দুদিন আগেই তাতে কাটছাট করা হয়েছে। অর্থাৎ আইএমএফ বলছে, ইন্ডিয়ার জন্য আগে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেয়া হয়েছিল এখন মনে করা হচ্ছে প্রবৃদ্ধি তার চেয়ে কম অর্জিত হবে। তবে এরপরও আইএমএফ ইন্ডিয়াকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে দেখছে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-ওলিভিয়ার গোরিনকাস মনে করছেন ইন্ডিয়ার ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পিয়েরে-ওলিভিয়ার বলেন সব দেশের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কিছু দেশের জন্য, এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন, কিন্তু ইন্ডিয়ার এই লক্ষ্য অর্জনের ক্ষমতা রয়েছে। তবে কোনো দেশের নাম না করে তিনি বলেন, অনেক দেশ দ্রুত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথ অতিক্রম করেছে। একইভাবে, ভারতও এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম বলে মনে হচ্ছে, তবে এর জন্য ইন্ডিয়াকে কাঠামোগত সংস্কার করতে হবে।
তার মতে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়িয়ে ইন্ডিয়ার অর্থনীতিকে ত্বরান্বিত করা যেতে পারে। এর মাধ্যমে ইন্ডিয়া ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি পৌঁছতে পারে। পাশাপাশি তিনি কিছু পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছেন, যার ভিত্তিতে ইন্ডিয়া তার লক্ষ্য অর্জন করতে পারে। তিনি বলেন, ইন্ডিয়া ইমারত ও রাস্তাঘাটে বিনিয়োগ করছে, কিন্তু মানব সম্পদেও বিনিয়োগ বাড়াতে হবে।
ইউডি/সুপ্ত

