জাপার সম্মেলন প্রস্তুতি কমিটিতে নায়ক সোহেল রানা
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:৪৫
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ঘোষিত আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন সফল করতে গঠিত প্রস্তুতি কমিটিতে প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর সুপারিশক্রমে তাকে অন্তর্ভুক্তিপত্রে স্বাক্ষর করেন বেগম রওশন এরশাদ।
একই নির্দেশনায় আরও চারজনকে সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব প্রদানের জন্য সুপারিশপত্রে স্বাক্ষর করেছেন বেগম রওশন এরশাদ।
সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন- সাবেক এমপি ওয়াহিদুজ্জামান সরকার বাদশা (গাইবান্ধা) সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম (কক্সবাজার), সাবেক এমপি প্রার্থী ও জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মুহিবুল কাদের চৌধুরী পিন্টু (মৌলভীবাজার) ও জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক সাচ্চা (গাইবান্ধা)।
এছাড়া পৃথক এক নির্দেশনায় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর সুপারিশে সম্মেলন প্রস্তুত কমিটির কেন্দ্রীয় সদস্য ও পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরুকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করেছেন রওশন এরশাদ।
ইউডি/সুস্মিত

