সমাবেশের নামে বিএনপি’র চাঁদাবাজি, টাকা যাচ্ছে তারেকের কাছে : ড. হাছান মাহমুদ

সমাবেশের নামে বিএনপি’র চাঁদাবাজি, টাকা যাচ্ছে তারেকের কাছে : ড. হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:২৫

সমাবেশের নামে বিএনপির নেতাকর্মীরা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। এর অর্ধেক লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সমাবেশের নামে বিএনপির একটি বড় চাঁদাবাজি প্রকল্প হচ্ছে এটি। আমি শুনতে পেলাম চট্টগ্রামের সমাবেশে যে চাঁদা উঠেছিল তার অর্ধেক টাকা তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। আর বিএনপি যখন সমাবেশ নিয়ে বাধার কথা বলে, আমি তাদের একটু পেছন ফিরে তাকাতে বলবো। আওয়ামী লীগের ২১ আগস্টের সমাবেশে হামলা বিএনপি করেছিল। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়ার হত্যা ও নারায়ণগঞ্জের সমাবেশসহ সারা দেশের আওয়ামী লীগের সমাবেশের হামলা বিএনপি করেছে। বিএনপি যাতে সমাবেশ সুন্দরভাবে, সঠিকভাবে করতে পারে সে সুযোগ-সুবিধা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে সারা দেশে আওয়ামী লীগের সভা-সমাবেশে বিভিন্ন সময় হামলা হয়েছে। বিএনপি এখন যে সমাবেশ করছে সেখানে কোথাও কি এ ধরনের ঘটনা ঘটেছে, কোথাও ঘটেনি। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের অফিসের দুই পাশে কাঁটা তারের বেড়া থাকতো। সে কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে কেউ যেতে পারতো না। এখনকি সে ধরনের ঘটনা আছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন বিএনপি হচ্ছে পেট্রোল বোমা বাহিনী, বিএনপি হচ্ছে যারা মানুষের সম্পত্তিতে আগুন দেয়, গাড়ি ভাঙচুর করেছে তারা। সুতরাং চট্টগ্রামের সমাবেশেও সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছিল। এজন্য পুলিশ সন্ত্রাসী কার্যক্রম এড়াতে রুটিন ওয়ার্ক অনুযায়ী তল্লাশি করেছে। তাদের সমাবেশতো নির্বিঘ্নে সব জায়গায় হচ্ছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading