বিশ্বকাপের পর এশিয়ান কাপের আয়োজকও কাতার
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ অক্টোবর ২০২২। আপডেট ২১:০০
এ বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে কাতার। পরের বছর দেশটি আয়োজন করবে এএফসি এশিয়ান কাপও। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার (১৭ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।
এশিয়ান কাপের আয়োজক সত্ব ২০১৯ সালে চীনকে দেয়া হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করায় এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ায়। নতুন আয়োজক দেশ হতে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও কাতার আগ্রহ দেখায়। এএফসি কাতারকেই বেছে নিয়েছে।
মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটিতে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ডিসেম্বরে। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনের জন্য তারা সাতটি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি অন্যান্য অবকাঠামোরও উন্নয়ন করেছে। আগের সূচি অনুযায়ী ২০২৩ সালে জুন-জুলাইয়ে এশিয়ান কাপ হওয়ার কথা ছিল। আয়োজক বদলে যাওয়া এবং কাতারে গরম আবহাওয়ার কারণে এটি আগামী বছরের শেষ দিকে কিংবা ২০২৪ সালের শুরুর দিকে হতে পারে।

এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, বড়-বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে কাতারের সামর্থ্য ও পূর্বের অভিজ্ঞতা এবং সবক্ষেত্রে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের বিষয়টি সারা বিশ্বেই বেশ প্রশংসিত।
দেশটিতে বিশ্বমানের অবকাঠামো থাকায় এবং তাদের ইভেন্ট আয়োজনের সামর্থ্য থাকায় এশিয়ান কাপও কাতার খুব ভালোভাবে আয়োজন করতে পারবে বলে আশা এএফসি’র। এর আগে দুইবার এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার। ১৯৮৮ সালে প্রথমবার এবং ২০১১ সালে দ্বিতীয়বার। ২০১৯ সালে এই প্রতিযোগিতার সবশেষ আসরে শিরোপা জিতেছিল তারা।
ইউডি/সুপ্ত

