নিরাপত্তা, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বড় অন্তরায় বিএনপি: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২। আপডেট ১৪:১৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের রাজনীতির জন্য বিষফোঁড়া। দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে এবং ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত ইতিহাস তাদের ক্ষমা করবে না।ওবায়দুল কাদের বলেন, এই হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য। যারা ইনডেমনিটি দিয়েছিল তাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি। বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের শাসন নিরাপদ নয়।
এর আগে শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১৫ আগস্ট নিহত সব শহীদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে তার কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন ও ফাতেহা পাঠ করেন নেতা-কর্মীরা।
ইউডি/সুপ্ত

