সুন্দরবনে বাঘ গণনার কাজ ডিসেম্বরে

সুন্দরবনে বাঘ গণনার কাজ ডিসেম্বরে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৩০

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প অনুমোদন হয় চলতি বছরের এপ্রিল মাসে। কিন্তু অর্থ ছাড় না হওয়ায় প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। অবশেষে প্রকল্প আলোর মুখ দেখেছে। ইতোমধ্যে পরিকল্পনা কমিশন প্রকল্পের ৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ছাড় দিলেই অর্থ পাওয়া যাবে। এক মাসের মধ্যে এই অর্থ মিলবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। আর অর্থ পাওয়ার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাঘ শুমারির কাজ শুরু হবে।

এমনটাই জানিয়েছেন প্রকল্প পরিচালক ও পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন। তিনি বলেন, সম্প্রতি পরিকল্পনা কমিশন থেকে ৩ কোটি টাকা ছাড়ের বিষয়টি অনুমোদন হয়েছে। এখন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ছাড় করলেই অর্থ পাওয়া যাবে। আশা করছি এক মাসের মধ্যে এই অর্থ বরাদ্দ পাওয়া যাবে। আর অর্থ বরাদ্দ পাওয়ার পর প্রথমেই বাঘ গণনার কাজ শুরু হবে। সে হিসেবে আগামী ডিসেম্বরের প্রথম দিকে বাঘ গণনার কাজ শুরু হবে। সুন্দরবনে সর্বশেষ বাঘ গণনা অনুযায়ী, বাংলাদেশে ১১৪টি বাঘ রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বন বিভাগ থেকে জানা গেছে, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প অনুমোদন হয় চলতি বছরের এপ্রিল মাসে। তিন বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ টাকা। প্রকল্পের একটি অংশে ৩ কোটি ২৬ লাখ টাকা দিয়ে বাঘ গণনা করা হবে।

তাছাড়া সুন্দরবনের বাঘ-মানুষ দ্বন্দ্ব নিরসনে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিমের ৩৪০ জন সদস্য ও চারটি রেঞ্জের কমিউনিটি প্যাট্রল গ্রুপের ১৮৫ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া, পোশাক সরবরাহ ও প্রতি মাসে বনকর্মীদের সঙ্গে মাসিক সভা করা। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading