সাবেক সিইসিদের অভিমত: এনআইডি ইসির কাছেই থাকুক
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ২০:৩০
সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা (সিইসি) বলেছেন, তারা চান না জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে সরকারের অধীনে যাক। কারন হিসেবে তারা দেখিয়েছেন, এটা সরকারের কাছে গেলে গণ্ডগোল হতে পারে। বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত মতবিনিময় শেষে তারা এমন মতামত জানান।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেন, জাতীয় পরিচয়পত্রের তথ্য বিভিন্ন অফিসে থাকতে পারে। এতে অসুবিধা নেই। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু এর প্যারেন্ট, মূলটা তারাই ইনিশিয়েট করবে। এটা তাদের কাছে না থাকলে ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখেন এনআইডিতে একটা, ভোটার লিস্টে অন্যটা; তথন আরেকটা গন্ডগোল লাগবে।

সাবেক সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ভোটার তালিকা থেকেই এনআইডি এসেছে। এনআইডি ইসির কাছে না থাকলে লোকজন ভোটার হতে চাইবে না। মানুষের ভোটার হওয়ার অতটা আগ্রহ নেই। এখন এনআইডির জন্যই আগ্রহ বেশি। এই অ্যাডভাটেন্সটা এখান থেকে সরানো উচিত নয়।
সাবেক সিইসি কেএম নূরুল হুদা বলেন, এনআইডি নির্বাচন কমিশনের তৈরি একটি জিনিস। এটা নির্বাচন কমিশনের হাতে থাকলে সরকারের কোনো অসুবিধা হয় না। এনআইডির সঙ্গে জাতীয় নির্বাচন, ভোটার তালিকার পুরোপুরি সম্পর্ক রয়েছে। এটাকে মাঝখান থেকে নিয়ে গেলে নির্বাচন কমিশনের কাজ করতে অসুবিধা হবে।
ইউডি/সুপ্ত

