ওবায়দুল কাদেরের প্রশ্ন: তারেককে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে?
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৪০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন। সরকারও চায় তিনি দেশে ফিরে আসুক। শুক্রবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তারেকের দেশে ফেরার বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গ টেনে শুক্রবার পাঠানো বিবৃতিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আমরা চাই, একজন সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে তার কৃত অপরাধের শাস্তি কার্যকর করা হোক। বুকে সৎ সাহস থাকলে সে দেশে ফিরে আসুক। তার জন্য আন্দোলনের প্রয়োজন নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি বলছে আওয়ামী লীগ নাকি সবক্ষেত্রে ব্যর্থ! তাহলে বিরোধীদল হিসেবে বিএনপি কি সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই- তাদের মুখে এ কথা মানায় না। ক্ষমতা দখলের ষড়যন্ত্র ও চক্রান্তমুখী রাজনীতি ছাড়া বিরোধীদল হিসেবে বিএনপির ভূমিকা কি?
প্রায় ১৮ মাস কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন পান তারেক রহমান। প্যারোলে মুক্তি পেয়ে ওই বছরই চলে যান ব্রিটেনে। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি।
ইউডি/সুপ্ত

