জরিমানা দিবেন তবু ‘সেই’ সিনেমায় অভিনয় করবেন না সুনেরাহ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৭:২০
সরকারি অনুদানের চলচ্চিত্র ‘জয় বাংলা ধ্বনি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও পরিচালকের ওপর ক্ষুব্ধ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এখন বলছেন, এ সিনেমা তিনি করবেন না। ন’ ডরাই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রীর ভাষ্য, দরকার হলে জরিমানা দেবেন, কিন্তু এ সিনেমায় তিনি অভিনয় করবেন না।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার গল্প লিখেছেন সংসদ সদস্য, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ।
সিনেমার কলাকুশলীদের পরিচয় করিয়ে দিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার গুলশানে জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু সেখানে সিনেমার নায়িকা সুনেরাহ বিনতে কামালকে দেখা না যাওয়ায় শুরু হয় গুঞ্জন। যদিও সংবাদ সম্মেলনে বারবার ঘোষণা করা হয়, সুনেরাহ থাকছেন জয় বাংলা ধ্বনিতে। চিত্রনায়ক নিরব ও নির্মাতা খ ম খুরশীদও সুনেরাহর অভিনয়ের নিশ্চয়তা দেন।
কিন্তু সুনেরাহ বিনতে কামাল শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ‘মানা করে’ দিয়েছেন; ওই সিনেমায় কাজ করবেন না। তিনি বলেন, চাপ আসলে আসবে। তাতেও কিছু করার নাই। সে দেখা যাবে। আমি একজন আর্টিস্ট। আমি যদি একটা কাজ না করতে চাই, আমার যদি ইচ্ছে না হয়, কেউ কী জোর করে করাতে পারবে? এটা তো চাকরি না। এটা আর্টিস্টের কাজ। অ্যাক্টিংটা ফিল করে করতে হয়। যে ব্যবহার উনাদের, আমার কিছু করার নাই।
সুনেরাহ আরও বলেন, চরিত্রটাতে কাজের ব্যাপারে নিজেকে কনভিন্স করাতে পারছিলাম না। আমি তাকে জানিয়েছি। তারপর সে যে ব্যবহার করেছে আমার সাথে, সেটা আমার পছন্দ হয় নাই। আমার কথা হল, কারও যদি ব্যবহার খারাপ হয়, তার সঙ্গে আমি কাজ করতেই পারব না।বাসায় কখনো কেউ আমার সাথে চিৎকার করে না। সবাই আমাকে অন্যভাবে ডিল করে। তার ডিলিংসটাই আমার পছন্দ হচ্ছিল না।
ইউডি/সুপ্ত

