টি-টোয়েন্টি বিশ্বকাপ: দুই প্রতিবেশীর লড়াই দিয়ে সুপার টুয়েলভ শুরু কাল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৩০
গত আসরের দুই ফাইনালিষ্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল ২২ অক্টোবর (শনিবার) শুরু হচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভে গ্রুপ-১ এ জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। তবে বড় দুঃশ্চিন্তার কারণ আবহাওয়া। আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুযায়ী ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৮ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত সংক্ষিপ্ত ভার্সনের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয় নিউজিল্যান্ডের। ঐ আসরের দুই ফাইনালিস্টদের নিয়ে এবার বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে।

জয় দিয়ে আসর শুরুর করতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। তিনি বলেন, বিশ্বকাপের মত টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই বড় চ্যালেঞ্জিং। এবারও এর ব্যতিক্রম নয়। জয় দিয়ে শুরুটা করতে পারলে, টুর্নামেন্টের পরের দিকে চাপ অনেকাংশে কমে যায়। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলে, সাফল্য নিয়ে ম্যাচ শেষ করা।
অন্য দিকে এবারের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হওয়াতে রোমাঞ্চিত ব্লাক-ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ব্যাপারটা দারুন। গত আসরের দুই ফাইনালিষ্ট বিশ্বকাপের মূল পর্ব শুরু করছে। ঐ ম্যাচে দারুন খেলেছে অস্ট্রেলিয়া। ভাগ্য আমাদের সাথে ছিলো না। তবে ঐ ম্যাচ এখন অতীত। কাল মূল পর্বের প্রথম ম্যাচ। আমাদের সকলের ফোকাস সেখানে। প্রতিটি দলই চায় মূল লড়াইয়ে সাফল্য পেতে। আমরাও ব্যতিক্রম নই। জয়ের জন্যই আমরা মাঠে নামবো।
ইউডি/সুপ্ত

