টি-টোয়েন্টি বিশ্বকাপ: অজিদের উড়িয়ে কিউইদের মধুর প্রতিশোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অজিদের উড়িয়ে কিউইদের মধুর প্রতিশোধ

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৭:০০

গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার টুয়েলভ পর্ব শুরু হয়। এতে প্রতিবেশী অস্ট্রেলিয়াকে দাপট দেখিয়ে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো কিউইরা। শুরুতে কিউই ব্যাটাররা এনে দিলেন বড় সংগ্রহ। এরপর বোলাররাও নিজেদের কাজ করলেন ঠিকঠাক।শনিবার (২২ অক্টোবর) সিডনি ক্রিকেট স্টেডিয়ামে ৮৯ রানে জয় পেয়েছে কিউইরা।

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১১১ রানে সব উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে এটাই সবচেয়ে বড় হার অ্যারন ফিঞ্চদের।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে এটাই সবচেয়ে বড় হার অ্যারন ফিঞ্চদের

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তারা হারিয়ে ফেলে উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নারকে। ৬ বলে ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হন তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার অ্যারন ফিঞ্চও ১১ বলে ১৩ রান করে আউট হন। তাদের বিদায়ের পর আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে ইশ সোধির বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া ১৮ বলে ২১ রান করেন প্যাট কামিন্স। কিউইদের পক্ষে ২ ওভার ১ বল হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন টিম সাউদি, তিন উইকেট নেন মিচেল সান্টনারও।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের বিধ্বসংসী শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার। পঞ্চম ওভারের প্রথম বলে যখন অ্যালেন ফেরেন, তখন স্কোরকার্ডে জমা হয়েছে ৫৬ রান। ৫ চার ও ৩ ছক্কায় ১৬ বলের ঝড়ো ইনিংসে ৪২ রান করে হ্যাজলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর উইলিয়ামসনের সঙ্গে জুটি বাধেন কনওয়ে। দুজন মিলে যোগ করেন ৬৯ রান। ২৩ বলে ২৩ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন তিনি, বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
উইলিয়ামসন ফিরলে আরেক প্রান্তে ফিফটি তুলে নেন কনওয়ে। ইনিংসের শেষ অবধি অপরাজিত থাকেন এই ব্যাটার। ৭ চার ও ২ ছক্কায় ৫৮ বলে ৯২ রান করেন তিনি। শেষদিকে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন জিমি নিশাম। অজিদের পক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে দুই উইকেট নেন জশ হ্যাজলউড।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading