নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ: প্রস্তুতির ক্ষেত্রে ‘স্বস্তি’ মানছেন না সাকিব
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৩০
আগামীকাল সোমবার টাইগারদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ। ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে নিয়ে অধিনায়ক সাকিব বলেন, এই পারসেপশনও হয়তো আপনারা তৈরি করেছেন যে নেদারল্যান্ড আসাতে বাংলাদেশ দল স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনও প্রস্তুতি নেই না; আমার মনে হয় না পৃথিবীর কোনো দল এমন চিন্তা করে যে কে আসলে ভালো কে আসলে খারাপ। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর, যেটা করা সম্ভব সেটাই করা। আমাদের দলের ভেতর এমন অনুভূতি নেই। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আসলে আমরা যে প্রস্তুতি নিতাম, অন্যান্য যে দলের সঙ্গেই খেলবো একই প্রস্তুতি থাকবে।
টুর্নামেন্ট নিয়ে নানা প্রশ্ন হয়েছে। নানা প্রতিপক্ষের সঙ্গে মিডিয়াও টিম বাংলাদেশের প্রতিপক্ষ কিনা এমন প্রশ্ন হয়েছে। এর উত্তরও দিয়েছেন অধিনায়ক সাকিব, মিডিয়া বাড়াবাড়ি করছে কি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। মানুষকে বিচার করতে দেন, আমি বিচারক না হই। আমি খুব বেশি কিছু বিচার করতে পছন্দ করি না। আমার ফোকাস হচ্ছে এখন দলকে নিয়ে। আমি আশাবাদী কালকের ম্যাচ নিয়ে। কিভাবে ভালো করতে পারি এবং জিততে পারি সেদিকেই এখন ফোকাস আমার।
ইউডি/সুপ্ত

