পর্দা নামল ঢাবির গবেষণা-প্রকাশনা মেলার

পর্দা নামল ঢাবির গবেষণা-প্রকাশনা মেলার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ২১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী গবেষণা-প্রকাশনা মেলা রবিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় খেলার মাঠে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্টার প্রবীর কুমার সরকার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গবেষণা-প্রকাশনা মেলা সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি এবং নতুন শতকে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার ক্ষেত্রে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, প্রতিবছর নিয়মিতভাবে এই মেলা আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত কবিতা, রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং প্রত্যেক জার্নালের বিশেষ সংখ্যার শ্রেষ্ঠ আর্টিকেল লেখককে সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি দেওয়া হয়। এছাড়া প্রত্যেক অনুষদ, ইনস্টিটিউট এবং সেন্টারের পোস্টার থেকে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোস্টার উপস্থাপনকারীকেও পুরস্কার দেওয়া হয়।

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। দুই দিনব্যাপী এই মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা সেন্টারের উদ্ভাবন, গবেষণা এবং প্রকাশনা তুলে ধরা হয়। মেলায় বিভিন্ন অনুষদের ১০টি ইনস্টিটিউটের একটি, প্রকাশনা সংস্থার জন্য একটি এবং গবেষণা কেন্দ্রগুলোর জন্য একটিসহ মোট ১৩টি প্যাভিলিয়নের আয়োজন করা হয়।

এ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত প্রকাশনাসহ উল্লেখযোগ্য প্রকাশনাগুলো (যেমন- গ্রন্থ জার্নালের বিশেষ সংখ্যা, গবেষণা প্রকল্প, পোস্টার, ফায়ার, ব্রশিয়ার) প্রদর্শন ও উপস্থাপন হয়। এছাড়া ৫৫টি গ্রন্থ, ২৬টি বিশেষ জার্নাল, ২১৬টি গবেষণা প্রজেক্ট, ৬২৪টি পোস্টার এবং ৮৬টি ফ্লাইয়ার/প্রুশিয়ার মেলায় স্থান পায়।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading