বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১২:৪৫
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের পর কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাঈদ আল কাহতানি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের রাষ্ট্রদূত বৈঠকের সময় কাতারের আমিরের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের চিঠিটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রদূত বলেন, কাতারের আমির বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে খুবই আগ্রহী।
ড. মোমেন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি গত মাসে দোহায় দুই দেশের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের জন্য কাতারকে ধন্যবাদ জানান।
এফওসি জনশক্তি নিয়োগ, এলএনজি সরবরাহ বৃদ্ধি এবং বাংলাদেশে কাতারের আরও বিনিয়োগের মতো বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার জন্য গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রী প্রশংসা ব্যক্ত করেন। কাতারের রাষ্ট্রদূত প্রতিক্রিয়ায় বলেন, দোহা এফওসি এর ফলাফলে সন্তুষ্ট এবং উভয় পক্ষই দুই দেশের নেতৃত্বের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের লক্ষ্যে কাজ করছে।
ইউডি/সুপ্ত

