ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ খুঁজবে ইঁদুর!
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১২:৩৩
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনা- অনেক সময়ই আহতরা বিভিন্ন বিপর্যয়স্থলে আটকে থাকেন। যোগাযোগ করা সম্ভব হয় না বলে কখনও কখনও বিলম্বিত হয় উদ্ধারকাজ। অথচ কিছু সময় আগে জানা গেলেই হয়তো বাঁচানো যেত প্রাণ।
এ সমস্যা প্রশমনে কাজে আসতে পারে ইঁদুর! কী জেনে অবাক হলেন। হ্যা, ঠিকই শুনেছেন। বেলজিয়ামের এক দল বিজ্ঞানী কিছু ইঁদুরকে প্রশিক্ষণ দিচ্ছেন, যেন সেগুলিকে উদ্ধারকাজে ব্যবহার করা যায়।
এপিওপিও নামের একটি সংস্থার বিজ্ঞানীরা বানিয়েছেন ইঁদুরের পিঠে লাগানোর মতো বিশেষ এক ধরনের ব্যাগ। সেই ব্যাগে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। তাদের দাবি, ওই ব্যাগ পিঠে নিয়ে ইঁদুরগুলি ঢুকে যেতে পারবে ধ্বংসস্তূপের ভিতর, খুঁজে বার করতে পারবে আটকে থাকা মানুষকে।
ডনা কিন নামে এক গবেষকের নেতৃত্বে চলছে এই গবেষণা। সংবাদমাধ্যমে ডনা জানিয়েছেন, ইঁদুর খুবই উৎসুক একটি প্রাণী। আকারেও ছোট। তাই চট করে অল্প জায়গার মধ্যে দিয়েও সেগুলি ঢুকে পড়তে পারে। সেই কারণেই এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ইঁদুরকে। ইঁদুরের পিঠে লাগানো ব্যাগের মধ্যে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা।
ইউডি/এআই

