সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমকে হাইকোর্টে তলব

সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমকে হাইকোর্টে তলব

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৫৫

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন।

পরে অ্যাডভোকেট মো. আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ৩০ মে রিট দায়ের করা হয়। রিটে অভিযোগ করা হয়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ধারা ৮(২)(জ) লঙ্ঘন করে মো. আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে আসীন অবস্থায় নিজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার টেড্রার্সের পক্ষে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ১ জুন হাইকোর্ট রুল জারি করেন।

এদিকে রিট আবেদনকারী স্থানীয় বাসিন্দা রেজাউল করিম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণের সুপারিশ করেন।

প্রতিবেদনে বলা হয়, মো. আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা যেতে পারে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে তাকে ঠিকাদারি ব্যবসা না করার নির্দেশ দেন।

বৃহস্পতিবার এ বিষয়ে রুল শুনানির জন্য উঠলে রিটের পক্ষের আইনজীবী হলফনামা আকারে উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নেওয়ার বিষয় আদালতকে অবহিত করেন। শুনানি শেষে আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়েরর সিনিয়র সহকারী মমতাজ বেগমকে তলব করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading