সিডনির ব্যর্থতা ভুলে জয়ের খোঁজে ব্রিসবেনে টিম টাইগার্স
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:০৫
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবদের শোচনীয় পরাজয় এবং পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দুর্দান্ত জয় এই ম্যাচটির গুরুত্ব বাড়িয়েছে বহুগুণে। সিডনির ব্যর্থতা ভুলে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ব্রিসবেনে। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় ব্রিসবেনে পৌঁছেছে টিম টাইগার্স।
আগামী ৩০ অক্টোবর ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচে সকাল নয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে তাদের টপকে অন্তত টেবিলের ৩-এ উঠে যেতে পারবেন সাকিবরা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়ার কাছে হারলে চলে যেতে পারে টেবিলের শীর্ষ দুইয়েও।
ব্রিসবেনে আজ কোনো অনুশীলন নেই টাইগারদের, যে কারণে হোটেলেই সময় কাটাবেন ক্রিকেটাররা। হোটেলে পৌঁছার আগেই বাংলাদেশ দল সোজা চলে গিয়েছে ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা স্টেডিয়ামে। উদ্দেশ্য উইকেট দেখা, তা দেখতে সদলবলে মাঠে পুরো দল। এরপর আগামীকাল শনিবার দলীয় অনুশীলনে নামবে বাংলাদেশ দল।
ইউডি/সুপ্ত

