টি-টোয়েন্টি বিশ্বকাপ: আফগান-আইরিশ দ্বৈরথেও বৃষ্টির দাপট
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৫৫
অষ্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের খেলার বাইরে আলোচনরা শীর্ষে বৃষ্টি। টানা ম্যাচ পণ্ড হচ্ছে বৃষ্টির কারনে। আজ শুক্রবার (২৮ অক্টোবর) পরিত্যক্ত হয়ে গেল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচটিও।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টানা বৃষ্টির কারনে আফগান-আইরিশ দ্বৈরথের ম্যাচের টসই হয়নি। তাই আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুদলই। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের তিন ম্যাচের মধ্যে দুটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে আফগানরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি বৃষ্টির কারণে। আজও একই পরিণতি, আইরিশদের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছেন মোহাম্মদ নবিরা।
গ্রুপ ১ এ দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান আইরিশদের। অন্যদিকে গ্রুপে বাকী সব দলের সমান ২ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় তিন নম্বরে শ্রীলঙ্কা, চার নম্বরে ইংল্যান্ড, পাঁচ নম্বরে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ছয় নম্বরে আফগানিস্তান।
ইউডি/সুপ্ত

