‘ঋণ পরিশোধে’ নিলামে বিক্রি হচ্ছে কিশোরী!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৩২
ঋণের টাকা পরিশোধ করতে নিলামে বিক্রি করে দেওয়া হচ্ছে অল্পবয়সি মেয়েদের! ইন্ডিয়ার রাজস্থানের অন্তত ছয়টি জেলায় এমন ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এমন প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কংগ্রেস শাসিত ওই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছে কমিশন। এ সংক্রান্ত রিপোর্ট পেতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই পক্ষের মধ্যে লেনদেন বা ঋণ পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলেই সেই টাকা উদ্ধারের জন্য নিলামে তোলা হচ্ছে আট থেকে ১৮ বছর বয়সি মেয়েদের। ওই মেয়েদের পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মুম্বাই, দিল্লি এমনকী বিদেশেও। তাদের সঙ্গে ক্রীতদাসীর মতো আচরণ করে শারীরিক হেনস্তা, অত্যাচার ও যৌন নিপীড়ন করা হচ্ছে।’

সেই সঙ্গে জানানো হয়েছে, ‘এই নিলাম করা হচ্ছে রীতিমতো স্ট্যাম্প পেপারে সই-স্বাক্ষর করে। যিনি সর্বোচ্চ দর হাঁকছেন তিনিই জয়ী হচ্ছেন সেই নিলামে। এখানেই শেষ নয়; নিলামে বাধা দিলে মেয়েদের মায়েদের ধর্ষণও করা হচ্ছে পঞ্চায়েতের হুকুমে।
কমিশনের উদ্বেগ, যদি ওই রিপোর্টের দাবি সত্য়ি হয় তাহলে এটা স্পষ্ট- রাজস্থানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে রাজস্থান সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি সম্পর্কে রাজ্য সরকার কতটা ওয়াকিবহাল তাও জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে রাজস্থানের পুলিশ কর্মকর্তাকেও পাঠানো হয়েছে নোটিস।
ইউডি/এআই

