ইউক্রেনে ৮ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে রাশিয়া: জেলেনস্কি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৪৫
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া আট হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে সাড়ে চার হাজার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। শুক্রবার (২৮ অক্টোবর) গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিধ্বস্ত এক ড্রোনের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি অঙ্গীকার করেছেন, ‘বিদ্যুৎ অবকাঠামোর ওপর পুতিনের হামলা ইউক্রেনীয়দের মনোবল ভাঙতে পারবে না।’
গত দুই সপ্তাহে ইউক্রেনের জ্বালানি কাঠামোর ওপর লক্ষ্য করে রাশিয়া ডজন খানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে ইউক্রেন। গত ৪৮ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার ২৩ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘বোমাবর্ষণ আমাদের ভেঙে ফেলতে পারবে না। আকাশে শত্রুর রকেটের চেয়ে আমাদের দেশে শত্রুর সংগীত শোনা ভয়ঙ্কর। আমরা অন্ধকার নিয়ে ভীত নই।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শুক্রবার পর্যন্ত টানা ২৪৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
ইউডি/এআই

