জলবায়ু সম্মেলন নয়, অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোতে মনোযোগ দিতে চান ঋষি সুনাক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৪০
মিশরে আগামী নভেম্বর হতে যাওয়া পরবর্তী জলবায়ু সম্মেলন কপ২৭ এ যোগ দেবেন না সদ্য দায়িত্ব নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধে ব্রিটেন নেতৃত্বের ভূমিকা পালন করছে। মিশরে তার না যাওয়ার সিদ্ধান্ত নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুক্রবার (২৮ অক্টোবর) তিনি বলেন, জলবায়ু বিষয়ে আমরা যে নেতৃত্ব দেখিয়েছি সারা বিশ্বে তা অতুলনীয়।
ঋষি সুনাক জানান, কপ২৭ জলবায়ু সম্মেলনে মিশরে না গিয়ে ‘জরুরি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোতে’ মনোযোগ দেওয়াই বেশি দরকার। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি এর প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের যে জরুরি যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর আছে এই মূহুর্তে আমি সেটির দিকে মনোযোগ দেওয়াকেও ঠিক মনে করি।
ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ব্রিটেনের এই সাবেক চ্যান্সেলর। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তীব্র জ্বালানি সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির জেরে দিশাহীন ব্রিটেনের অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি বহুধাবিভক্ত ও গভীরভাবে আস্থাহীন হয়ে পড়া ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার গুরুদায়িত্বও নিতে হবে তাকে।
ইউডি/সুপ্ত

