মিছিল-স্লোগানে মুখর রংপুর
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ অক্টোবর ২০২২। আপডেট ০৯:৪৫
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। নানা উপায়ে ব্যাক্তিগত উদ্যোগে দলীয় নেতাকর্মীদের স্রোত এখন রংপুরমুখী। মধ্যরাত থেকেই দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যেতে থাকেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। কেউ হেঁটে, কেউবা ছোট ছোট যানবাহনে করে সমাবেশে যোগ দিতে রংপুরে আসছেন।
এর একদিন আগেই সড়কে অবৈধ যানচলাচল বন্ধের দাবিতে মালিক সমিতির ডাকা ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে রংপুর অঞ্চলের মানুষজন। যাত্রীবাহী পরিবহন না পেয়েই আন্তঃজেলায় চলাচলে চাপ পড়েছে ট্রেনের উপর।
শনিবার (২৯ অক্টোবর) ভোর থেকে রংপুর মহানগরীর প্রবেশমুখ মাহিগঞ্জ সাতমাথা, মেডিকেল মোড়, টার্মিনাল রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।
ইউডি/সুস্মিত

