রুশ নৌবহরে হামলা: ড্রোন থেকে কানাডায় তৈরি যন্ত্রাংশ উদ্ধার
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১২:৩০
কানাডার যন্ত্রাংশ দিয়ে তৈরি ড্রোন দিয়ে রুশ নৌবহরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়া বলেছে, কৃষ্ণসাগরে নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।
রাশিয়ার দাবি, ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে অর্থাৎ বেসামরিক কাজে নৌবহরটি মোতায়েন করা হয়েছিল। কাজেই বেসামরিক স্থাপনায় যেকোনো হামলা সন্ত্রাসী হামলা বলে বিবেচিত হয়। রাশিয়া বলেছে, ইউক্রেন অন্তত ১৬টি ড্রোন দিয়ে সেভাস্তোপোল বন্দরে মোতায়েন রুশ বহরে হামলা চালিয়েছে, যার সব গুলি করে নামানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশেষজ্ঞরা বিধ্বস্ত ড্রোন পরীক্ষা করে সেখান থেকে কানাডায় নির্মিত নেভিগেশন ব্যবস্থা খুঁজে পেয়েছেন। এ ছাড়া ওডেসার কাছাকাছি কোনো স্থান থেকে এসব ড্রোন আকাশে ওড়ানো হয়েছিল।
এর আগে রোববার রাশিয়া তার ‘কৃষ্ণসাগর নৌবহরে’ একটি ধারাবাহিক ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করে। ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহরের ওপর ওই ড্রোন হামলার জন্য প্রাথমিকভাবে ব্রিটেন ও ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতনির নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া।
ইউডি/আতা

