টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, যদি…

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, যদি…

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০০

অষ্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম তির রাউন্ড শেষ হয়েছে। বাংলাদেশের গ্রুপ (বি) এখন অনেকটাই জমে উঠেছে। বিশেষ করে গতকাল রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইন্ডিয়ার হার এই গ্রুপকে আরও জমিয়ে তুলেছে। ৬ দল নিয়ে গঠিত এই গ্রুপে এখনও শেষ চারে যাওয়ার দৌড়ে টিকে আছে পাঁচ দল। দক্ষিণ আফ্রিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও পাকিস্তান। টানা তিন হারে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।

বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা: নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে জোর ধাক্কা আত্মবিশ্বাসে। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই জয়ে অস্ট্রেলিয়া আসর এখন তাদের সফলতম বিশ্বকাপ। হাতছানি বিশ্বকাপে প্রথমবার সেমি-ফাইনালে খেলার। পথ অবশ্য বেশ কঠিন, এর জন্য হারাতে হবে ইন্ডিয়া ও পাকিস্তানকে। নেট রান রেট যেমনই থাক, পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে টাইগাররা। দুই ম্যাচের একটিতে হারলেও বিপদ অবশ্যম্ভাবী। তখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলো দিকে। তাই বাংলাদেশের সামনে ‘সহজ পথ’ একটিই- বাকি দুই ম্যাচ জেতা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকার অবস্থান ও সম্ভাবনা: এই গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে তাদের রয়েছে ৫ পয়েন্ট। তারা শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এর একটিতে জিতলেও সমস্যা নেই তাদের। ভালো নেট রান রেটের কারণে সেমিফাইনালের টিকেট পেয়ে যাবে তারা।

ইন্ডিয়া ক্রিকেট দল

ইন্ডিয়ার অবস্থান ও সম্ভাবনা: বাংলাদেশের মতো তিন ম্যাচে ৪ পয়েন্ট ইন্ডিয়ারও। তাদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রোহিত শর্মার দলের জন্য সমীকরণটা সহজ। তারা দুই ম্যাচই জিতলে বাকি সব হিসেব-নিকেশ এক পাশে রেখে পৌঁছে যাবে সেমিফাইনালে। ইন্ডিয়া যদি বাংলাদেশের বিপক্ষে জিতে জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ৭ কিংবা এর বেশি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া যদি জিম্বাবুয়ের বিপক্ষে জেতে এবং বাংলাদেশের কাছে হারে, তাহলে শেষ চারে চলে যেতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ে ক্রিকেট দল

জিম্বাবুয়ের অবস্থান ও সম্ভাবনা: পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। বাংলাদেশের কাছে হারের পর তিন ম্যাচে তাদের রয়েছে ৩ পয়েন্ট। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ইন্ডিয়া। দুটি ম্যাচই জিততে পারলে সেরা চারে উঠে যাবে তারা। এক ম্যাচ হারলেও শেষ হয়ে যাবে আশা।

পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তানের অবস্থান ও সম্ভাবনা: চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার পর জিম্বাবুয়ের কাছেও হেরেছে পাকিস্তান। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনাল খেলার গাণিতিক সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে তারা। শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলে এবং অন্যান্য ফলাফল পক্ষে এলে শেষ চারে যেতে পারবে বাবর আজমরা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading