কলকাতায় মুগ্ধতা ছড়ালো বাংলাদেশের ‘হাওয়া’
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১৫
মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে কলকাতায়। আগে থেকেই আলোচনার শীর্ষে থাকা এ সিনেমা দেখার জন্য অপেক্ষা করেছিলের কলকাতার সিনেমাপ্রেমী মানুষ একই সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরাও। দীর্ঘ লাইন ধরে ‘হাওয়া’ দেখার সাধ মিটিয়েছেন হাজারো কলকাতাবাসী। সবার মুখেই প্রশংসাবাক্য, উচ্ছ্বাস।
হাওয়া দেখার পর কলকাতার দর্শক ও সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, সেখানকার সিনেমা-কনটেন্টের চেয়ে বাংলাদেশের কাজ অনেকটা এগিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক শুভদীপ চট্টোপাধ্যায় গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের ছবির এই নিখুঁত কাজ, ন্যাচারাল আলোয় শুট, এত নিখুঁত ছবি সত্যিই আমাদের এখানে তৈরি হয় না। কনটেন্টের দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে।

টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে ‘হাওয়া’ দেখেছেন। এরপর চঞ্চলের সঙ্গে দু’জন ছবিও তুলেছেন। সে ছবি শেয়ার করে রাজ অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, কাল (২৯ অক্টোবর) নন্দন-এ চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সব থেকে বেশি বলতে হয়, চঞ্চল চৌধুরী; তিনি আসলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন৷ পুরো শিল্পী-কুশলীকে ধন্যবাদ অসাধারণ এই ছবি তৈরির জন্য।
সংগীতশিল্পী জয় সরকার ‘হাওয়া’ দেখার পর বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথমদিন নন্দনে ‘হাওয়া’ ছবিটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম মুগ্ধতার কারণে। তার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের নৈশভোজের আমন্ত্রণে তার বাসগৃহে চঞ্চলের সঙ্গে ভারি চমৎকার সময় কাটলো। অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষ এবং খাঁটি বাঙালি।
উল্লেখ্য, ‘হাওয়া’য় চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। এটি দেশের প্রেক্ষাগৃহে গত ২৯ জুলাই মুক্তি পেয়ে এখনও চলছে।
ইউডি/সুপ্ত

