সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতা হারাবে আওয়ামী লীগ: রিজভী
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৬:২৫
দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোট, গণতন্ত্র, কথা বলার, মিছিল-মিটিংয়ের অধিকারসহ সব অধিকার হরণ করেছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোর উপশহর মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ব রাজনীতির উদাহরণ টেনে রিজভী বলেন, বিরোধীদল সরকারের সমালোচনা করবে, সরকারের অসঙ্গতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। অথচ এমন প্রচলন বিশ্বে থাকলেও বর্তমান বাংলাদেশ তার উল্টো। কেননা বিশ্বের বিভিন্ন দেশে বিরোধীদল ধর্মঘট ডাকলেও বাংলাদেশে বিএনপি যখন সমাবেশ ডাকে তখন সরকার আর সরকারি দল ধর্মঘট ডাকে।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে। এর কারণ হলো, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং এতে মানুষের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে তা থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ওই দুর্ভিক্ষের ভয়ে মানুষ যাতে থেমে যায়, এর জন্যই ওই ঘোষণা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে দেশে দুর্ভিক্ষ চলছেই। কেননা সারা দেশে সব কিছুরই মূল্য অসহনীয়।
তিনি বলেন, একসময় মানুষ সঞ্চয়পত্র কিনতো। অথচ বর্তমানে দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ সেই সঞ্চয়পত্র বিক্রি করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুহিম নেওয়ার এবং যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম। পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনের সভাপতিতে সমাবেশটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সকাল ১১টা থেকে শুরু হয়।
ইউডি/সুপ্ত

