যুবসমাজ দেশমাতৃকার মূল চালিকাশক্তি : রাষ্ট্রপতি

যুবসমাজ দেশমাতৃকার মূল চালিকাশক্তি : রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১৫

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, প্রাণচাঞ্চল্যে উৎসারিত যুবসমাজ দেশমাতৃকার মূল চালিকাশক্তি। ‘জাতীয় যুব দিবস ২০২২’ উপলক্ষ্যে সোমবার (৩১ অক্টোবর) দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামীকাল মঙ্গলবার (১ নভেম্বর) ‘জাতীয় যুব দিবস ২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ উপলক্ষ্যে আমি দেশের তারুণ্যদীপ্ত যুবসমাজকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

তিনি আরও বলেন, যুবরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। যুবরা সাহসী, অদম্য, প্রতিশ্রুতিশীল এবং সৃজনশীল। তাই যে কোনো দেশের জন্য যুবসমাজ অতি মূল্যবান সম্পদ।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে বলীয়ান এদেশের যুবসমাজ মুক্তি সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় ত্যাগ, তিতিক্ষা ও আত্মোৎসর্গের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন সংকট উত্তরণে যুবসমাজের গৌরবোজ্জ্বল অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশই যুবসমাজ, যার বয়সসীমা ১৮ হতে ৩৫ বছর। আগামী ২০৪৩ সাল পর্যন্ত যুবসমাজের সংখ্যাগত আধিক্যের ধারা অব্যাহত থাকবে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে এ জনমিতিক সুবিধা কাজে লাগাতে হবে।

আবদুল হামিদ প্রত্যাশা করেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে আমাদের তেজোদীপ্ত, প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ স্বর্ণালি অধ্যায় সূচিত করবে।’ তিনি ‘জাতীয় যুব দিবস ২০২২’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading