বাধ্যতামূলক ছুটিতে ডিএসইর সিটিও
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১০:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (৩১ অক্টোবর) বিএসইসির ৮৪৩তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।
তিনি জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন লেনদেনে সেবা দিতে ব্যর্থ হওয়ায় কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে ডিএসইর আইটি বিভাগকে ঢেলে সাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, নিজেদের আইটি বিভাগের কার্যক্রম নিয়ে ডিএসইর আগের কমিটিগুলো অসন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি ডিএসইর আইটি বিভাগের কারণে নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয়েছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্ত সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিটিওকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সভায় ডিএসইর পরিচালকদের অবিলম্বে সমস্যাগুলোর সমাধানে দক্ষ মানবসম্পদ দিয়ে আইটি বিভাগ ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর আইটি বিভাগের ব্যর্থতায় ডিএসইতে সকাল ১০টা ৫৮ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। তার ঠিক তিন কার্যদিবস পর ৩০ অক্টোবর নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। ওইদিন সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন শুরু হয়।
ইউডি/সুপ্ত

