টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইন্ডিয়ার বিপক্ষে ‘অঘটন’ ঘটাতে চান সাকিব
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪০
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ ইন্ডিয়া ও বাংলাদেশ। উভয় দলের জন্য মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে ইতোমধ্যে ৪ পয়েন্ট তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা অর্জন। অন্যদিকে, নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে সমান ৪ পয়েন্ট রোহিত শর্মার দলেরও। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি, যারা আগামীকালকের ম্যাচ জিতবে তাদের জন্য সেমির পথ সহজ হবে।
এমন সমীকরণে মঙ্গলবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান সাকিব বলেছেন, ইন্ডিয়া ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ইন্ডিয়ার বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর অঘটন ঘটানোর চেষ্টা করবো।
তিনি আরও বলেন, অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হবো। না করতে পারলেও খুব বেশি কিছু বলার নেই। দুই দল আমাদের থেকে ভালো। কিন্তু যদি ভালো খেলি, আমাদের দিন থাকে, তাহলে কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। এরকম একটা ফল করতে পারলে অবশ্যই আমরা খুশি হবো।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ইন্ডিয়াই। ১১ ম্যাচের মধ্যে তারা ১০টি জিতেছে, বাকি একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
ইউডি/সুপ্ত

