অদক্ষতার কারণে আ.লীগের জনসমর্থন দ্রুত কমছে: নজরুল ইসলাম খান

অদক্ষতার কারণে আ.লীগের জনসমর্থন দ্রুত কমছে: নজরুল ইসলাম খান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২। আপডেট ১৩:৩১

আওয়ামী লীগের নানা সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা তো কখনোই বলিনি যে তাদের জনসমর্থন নেই। আমরা বলেছি- তাদের জনসমর্থন দ্রুত কমে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় অদক্ষ ও জনগণের সমস্যার সমাধানে অক্ষম হওয়ায় তাদের জনসমর্থনের বারদ দ্রুত নেমে যাচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সমাবেশের আগে বাস, মিনিবাস, লঞ্চ, খেয়া, এমনকি রিকশা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরেও জনতার স্রোত বন্ধ করা যাচ্ছে না। সরকার যতই বাধা দিচ্ছে, সমাবেশের আকার তত বাড়ছে। তাদের বাধার কারণে বিএনপির সমাবেশে জনগণের অংশগ্রহণ বাড়ছে। তারা ভয় পেয়েছে। অস্তিত্ব রক্ষায় ভয় পেয়ে আবোল-তাবোল কথা বলছে। সেসব কথা মানুষের কাছে তাদের হাস্যকর হিসেবে পরিচিত করে দিচ্ছে।

বিএনপি’র এই নেতা বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা আমাদের রক্তে অর্জিত। দেশের জনগণ শান্তিতে নির্বিঘ্নে সুখে থাকবে তাদের মধ্যে সমতা থাকবে, মর্যাদা থাকবে। তারা শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করবেন। আর এজন্যই আমরা দেশ স্বাধীন করেছিলাম। মনে রাখতে হবে এই লড়াই এত সহজ নয়। আমরা চাইলাম আর আমাদের প্রতিপক্ষ যারা সেটা তারা দিয়ে দেবে। এমনিতেই দিতে চায় না তাছাড়া তারা তো ভয়ে রয়েছে। তারা এত দুর্নীতি অনাচার করেছে, অন্যায় করেছে, গুম ও খুন করেছে, এতো মিথ্যে মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে এমন সব অপরাধ করেছে, যে এখন তারা ভয় পায়। আরও বেশি ভয় পায় যে তারা এত টাকা পয়সা লুট করেছে বিদেশে পাচার করেছে দেশের সর্বনাশ করেছে। জনগণের ভোগান্তির কারণ হয়েছে।

বিএনপির এই নীতি নির্ধারক বলেন, জনগণের ক্রোধকে তারা ভয় পায় সেজন্য জনগণের ক্রোধকে জোর দবস্তি করে দমিয়ে রাখার জন্য চেষ্টা করছে। কিন্তু ইতিহাস সাক্ষী জনগণ যখন জেগে ওঠে তখন কোনো বাধাই জনগণ মানে না। কখনোই মানে না, ৬৯-এ মানে নাই ৭১-এ মানে নাই, ৯০-এ মানে নাই। কখনোই মানে নাই।

নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে নিজেদের দাবি আদায়ের, নিজেদের ভাগ্য পরিবর্তনে, নিজেদের পূর্বপুরুষরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছেন। সেই বাংলাদেশটাকে একটি গণতান্ত্রিক গণকল্যাণমূলক সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে লড়াই, সেই লড়াইয়ে আরও একত্রিতভাবে আমরা সবাই সম্পৃক্ত হব। এই লড়াইয়ে আমরা বিজয় করব।

বাংলাদেশ লেবার পার্টির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading