আজকের নির্বাচনে এখনো অনিয়ম চোখে পড়েনি : সিইসি
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০৭
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আজকের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। এখন পর্যন্ত নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।’
বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেলে পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সারা দেশে ১০২টি সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। চার পৌরসভায় ভোটকেন্দ্রে সিসি টিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদেরকে ভোটকেন্দ্রের বাইরে এবং ভেতরে অপেক্ষা করতে দেখছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।’
সিইসি বলেন, ‘আজকে চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ৭ উপজেলাতে নির্বাচনগুলো ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।’
ইউডি/এআই

