টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা হাই-ভোল্টেজ ম্যাচ কাল
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ২২:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের পথে এগিয়ে যেতে নিজেদের চতুর্থ ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমির দ্বারপ্রান্তে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হবে পাকিস্তানের।সেমিফাইনালে খেলার আশা এখনও যদি-কিন্তু’র উপর নির্ভর করছে পাকিস্তানের। এজন্য অন্যান্য দলের ফলাফলে দিকে তাকিয়ে থাকার সাথে শেষ দুই রাউন্ডের ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।
৩ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে পাকিস্তান। পাকিস্তানকে হারালে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৭। তাতে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে তারা। এক ম্যাচ বাকী রেখে সেমির টিকিট নিশ্চিত করতে তখন গ্রুপের অন্যান্য ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে প্রোটিয়ারদের। পাকিস্তানের পর নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে অনায়াসেই সেমি নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।

কিন্তু পাকিস্তানের সেমিফাইনাল খেলা নির্ভর করছে পরের ম্যাচগুলোর ফলাফলের উপর। এজন্য শেষ দুই রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ-জিম্বাবুয়েকে হিসেবের মারপ্যাচে পড়ে যদি-কিন্তু’তে অন্তত ১টি করে ম্যাচ হারতে হবে।
এসব যদি-কিন্তু’র হিসাবকে পাশে রেখেই নিজেদের শেষ দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। দলের মিডল-অর্ডার ব্যাটার শান মাসুদ বলেন, আমাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেক হিসাবের উপর নির্ভর করছে। সেসব হিসাবের সাথে বড় চ্যালেঞ্জ শেষ দুই ম্যাচে জিততেই হবে। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। আগের ম্যাচে ভারতকে হারিয়েছে তারা। এখনও কোন ম্যাচ হারেনি তারা। আমাদের জিততে সেরাট ক্রিকেটই খেলতে হবে।
এ দিকে, সেমিফাইনাল মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকাও। দলের ওপেনার কুইন্ট ডি কক বলেন, আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জয় দলকে দারুন আত্মবিশ্বাসী করেছে। পাকিস্তানের বিপক্ষেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদি। তবে কাজটি সহজ হবে না। পাকিস্তানও জয়ের জন্য মরিয়া হয়ে আছে। আমরা যেকোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।
ইউডি/সুপ্ত

