আইএমএফের ঋণে স্বস্তি মিলবে, সরকার অস্বস্তিতে নেই: পরিকল্পনামন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩৫
দেশে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে মানুষের বেতন-ভাতা সেভাবে বাড়েনি। আইএমএফের ঋণে সাময়িক কিছুটা স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই। বুধবার (০২ নভেম্বর) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্যান্য বাজারের চাপও আমাদের এখানে এসেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা সব ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়াতে বলেনি। তারা শুধু চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা বলেছে। আমরা তো সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। আমিও মনে করি চা শ্রমিক ও উপকূলীয় অঞ্চলের জেলেদের মজুরি বাড়ানোর দিকটা দেখা উচিত।
বৈঠকে আইএলওর ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) বিশেষজ্ঞ গুনজান দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং ও প্রোগ্রাম অফিসার খাদিজা খন্দকার অংশ নেন।
ইউডি/সুপ্ত

