বিচারপতি মানিকের গাড়িতে হামলার অভিযোগে মামলা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১২:২৩
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে পল্টন থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিচারপতি মানিকের গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন।
ওসি সালাহউদ্দিন জানান, বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনার অভিযোগে মামলা হয়েছে। হামলাকারীরা বাদীপক্ষের অপরিচিত হওয়ায় আসামি অজ্ঞাত।
‘মামলাটি তদন্ত করবেন এসআই মঞ্জুরুল ইসলাম। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হবে। হামলাটি পূর্ব পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা হবে’, বলেন ওসি সালাহউদ্দিন।
গানম্যান রফিকুল ইসলাম বলেন, ‘পল্টন দিয়ে যাওয়ার সময় বিকেল চারটা থেকে সোয়া চারটার দিকে মিছিল থেকে মানিক স্যার, আমাকে ও গাড়ির চালককে লক্ষ্য করে হামলা করা হয়।’
ইউডি/এআই

