হঠাৎ অবসরের ঘোষণা পিকের

হঠাৎ অবসরের ঘোষণা পিকের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১১:০০

চার বছর আগে সবাইকে অবাক করে বিদায় নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে। আবারও কোন এক অজানা কারণে এবার ফুটবলকেই বিদায় জানিয়ে দিলেন ৩৫ বছর বয়সী স্প্যানিশ সেন্টার-ব্যাক জেরার্ড পিকে। শনিবার লা লিগায় বার্সার জার্সি গায়ে শেষ বারের মতো মাঠে নামবে এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ফুটবলকে বিদায়ের এই ঘোষণা দেন পিকে। তিনি বলেন, ‘সে বাচ্চাটার কথা কদিন ধরেই ভাবছি। ছোট্ট জেরার্ডকে যদি বলা হতো, তার সব স্বপ্নই পূর্ণ হয়েছে, তাহলে সে কী ভাবত! সে বার্সেলোনার প্রথম একাদশে খেলবে, সম্ভাব্য সব শিরোপা জিতবে। একদিন ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিশ্বের সেরাদের সঙ্গে খেলবে। দলের অধিনায়কদের একজন হবে, আজীবনের জন্য বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে!’

আগামীকাল আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে ক্যাম্প ন্যু’তে নামবেন পিকে। এই ম্যাচ দিয়ে বার্সেলোনার মূল দলের সাথে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি। এমন বিদায়ে জেরার্ড জানান, ‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন’।

শনিবারের ম্যাচটি যে ক্যাম্প ন্যু’তে পিকের শেষ ম্যাচ, সে বিষয়ে তিনি জানান, ‘আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এই শনিবার ক্যাম্প ন্যু’তে আমার শেষ’।

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতেন পিকে। তাছাড়াও ২০১২ সালে ইউরো শিরোপার স্বাদ পান এই ডিফেন্ডার।

ক্যারিয়ারের শুরুতে ২০০৪ সাল পর্যন্ত বার্সার যুব দলের হয়ে খেলেছিলেন পিকে। সেই বছরেই পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ইংলিশ ক্লাবটিতে খেলে পুনরায় ফেরেন বার্সা শিবিরে। বার্সার হয়ে খেলেছেন ৬০০-এর থেকে বেশি ম্যাচ। তার ঝুলিতে আছে আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা ডেল রের শিরোপা জেতার স্বাদ।

আকস্মিক এই বিদায়ে ভক্তদের পুরোপুরি নিরাশ করেননি এই বিশ্বকাপজয়ী সেন্টার-ব্যাক। ক্যাম্প ন্যু’তে আবারও ফিরে আশার ব্যক্ত প্রকাশ করেছেন তার বিদায়ী ভিডিও বার্তায়। পিকে বলেন, ‘আপনারা আমাকে জানেন। আজ অথবা কাল আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ক্যাম্প ন্যুতে দেখা হবে। বার্সা দীর্ঘজীবী হোক। সব সময়’।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading