টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইরিশদের হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচের ফলাফল না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ৫ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো দলটি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচ জিতে সমান পয়েন্ট পায়ও, রানরেটে কিউইদের পেছনে ফেলা বেশ কঠিন। তাদের টপকাতে গেলে অস্ট্রেলিয়ার আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ১৮৫ রানে, আর শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডকে জিততে হবে ১২৮ রানে। তারপরও চূড়ান্ত টিকিট পেতে নিউ জিল্যান্ডকে অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ দুটি ম্যাচের ফলের দিকে।

কেন উইলিয়ামসনের ৩৫ বলে ৬১ রানের ইনিংসে নিউ জিল্যান্ড ১৮৫ রানের বড় সংগ্রহ করে। শেষ দিকে জশ লিটল হ্যাটট্রিক করে তাদের থামালেও এই রান পেরোতে পারেনি আইরিশরা।
নিউজিল্যান্ডের তিন পেসার টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টের পেস ভালোভাবে সামাল দিচ্ছিলেন আয়ারল্যান্ডের দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিং। প্রথম ৬ ওভারে দুজনে তোলেন ৩৯ রান। এরপর মিচেল স্যান্টনার ও ইশ সোধি বল হাতে নিয়ে দেন ১৩ ও ১৬ রান। পেসারদের পর এই দুই স্পিনারও যেন কূল কিনারা পাচ্ছিলেন না। তবে পরের তিন ওভারে দুজন ৩ ব্যাটসম্যানকে মাঠ ছাড়া করে স্বস্তি ফেরালেন।
৯ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে আয়ারল্যান্ড। নিউ জিল্যান্ড তাদের লক্ষ্য দিয়েছিল ১৮৬ রানের।
ফার্গুসন ৪ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান স্যান্টনার, সাউদি ও সোধি। ম্যাচসেরা হয়েছেন উইলিয়ামসন।
ইউডি/সুপ্ত

