৩৭০০ কর্মী ছাঁটাই: টুইটারের বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৫
আশঙ্কাই যেন সত্যি হলো। বলা হচ্ছিলো ইলন মাস্ক মালিকানা নেয়ার পর টুইটারে আসবে ব্যাপক পরিবর্তন। ছাঁটাই করা হবে সিংহভাগ কর্মীদের। বাস্তবেও যেন তা রূপ নেয়া শুরু করেছে। কোনো পূর্বনোটিশ না দিয়ে ঢালাওভাবে ছাঁটাইয়ের অভিযোগে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন চাকরিচ্যুত কর্মীরা। শুক্রবার (০৪ নভেম্বর) আমেরিকার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য স্যান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ২৮ অক্টোবর ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা নেয়ার পর এ পর্যন্ত প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন। গত সপ্তাহে মাস্ক যখন টুইটারের মালিকানা নেন, সে সময় প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার ৫০০। মালিকানা নেয়ার পরপরই টুইটারের শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অব্যাহতি দেন মাস্ক। তারপর থেকেই গুঞ্জন ওঠে— কোম্পানির অর্ধেক কর্মীকেই চাকরিচ্যুত করা হবে। মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, কোন কর্মীদের চাকরি থাকবে আর কাদের থাকবে না— তা ৪ নভেম্বর, শুক্রবার সব কর্মীর দাপ্তরিক ইমেইল অ্যাকাউন্টে মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
কিন্তু মামলাকারী কর্মীদের অভিযোগ, ইলন মাস্ক টুইটারের মালিকানা গ্রহণ করার পরের দিন থেকেই অনেকে তাদের দাপ্তরিক ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারছেন তারা। তারা আরও বলেছেন, অফিসের কম্পিউটারগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করেছে কর্তৃপক্ষ; কিন্তু সব কর্মীকে সেই নতুন পাসওয়ার্ড জানানো হয়নি। কোম্পানির ৩ হাজার ৭০০ কর্মীর বেলায় এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগপত্রে।
টুইটারকর্মীদের আইনজীবী শ্যানন লিস-রিওর্ডান মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানান, আমেরিকার শিল্প আইন অনুযায়ী, কোনো কোম্পানির কর্তৃপক্ষ যদি ব্যাপকহারে কর্মী ছাঁটাই করতে চায়, সেক্ষেত্রে তা শুরু করার অন্তত ৬০ দিন আগে নোটিশ জারির মাধ্যমে তা কর্মীদের জানাতে হয়; কিন্তু টুইটার কর্তৃপক্ষ সেই আইন তোয়াক্কা করেনি।
ব্লুমবার্গকে শ্যানন লিস রিওর্ডান বলেন, এই মামলার মাধ্যমে আমরা টুইটার কর্তৃপক্ষকে এই বার্তা দিতে চাই—বঞ্চনার শিকার হওয়া কর্মীরা তাদের ন্যায্য ও আইনসম্মত অধিকার ফিরে পেতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
ইউডি/সুপ্ত

