শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচে ইংল্যান্ডকে জিততেই হবে
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ০৭:০০
বিশ্বকাপের সুপার টুয়েলভের দুই গ্রুপের লড়াই শেষের পথে। ইতিমধ্যে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে প্রবেশ করেছে নিউজিল্যান্ড। গ্রুপ ওয়ানের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ রানের ব্যবধানে হেরেছে আফগানিস্তান। আর তাতেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।
আজ ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে দাসুন শানাকার দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লঙ্কানদের এই ম্যাচটি হবে কেবলই নিয়মরক্ষার। সুপার টুয়েলভের দুই লড়াইয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া জয় লাভ করায় ৫ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট সমান ৭। তাসমান পারের দুই দেশই বর্তমানে গ্রুপ ওয়ানের শীর্ষে অবস্থান করছে।
অপরদিকে এক ম্যাচ কম খেলে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে লঙ্কানরা জয় লাভ করলেও পয়েন্ট হবে ৬। সেমি ফাইনালে উঠবে শীর্ষে থাকা দুই দল। তাই বিশ্বকাপের পরের রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে শানাকাদের।
অপরদিকে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অজিদের কাছেই নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড। সিডনিতে লঙ্কানদের হারাতে পারলেই ৭ পয়েন্ট হবে ইংলিশদের। তবে রান রেটে অজিদের থেকে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেয়ে যাবে জস বাটলারের দল।
শ্রীলঙ্কার জন্য নিয়ম রক্ষার ম্যাচটি বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে মঈন আলীদের। তাই এক ম্যাচ বাকি রেখে লঙ্কানদের বিদায় ঘণ্টা বেজে গেলেও অজি সমর্থকদের চোখ থাকবে ওয়ানিন্দু হাসরাঙ্গাদের দিকে।
ইউডি/সুপ্ত

